ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের জিরিবাম জেলায় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। সোমবার, ওই অঞ্চলে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি শিবিরে হামলা চালায় সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। মনিপুর পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশের পাল্টা গুলিতে অন্তত ১০ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হন। মনিপুর পুলিশ তাদের এক্স হ্যাণ্ডেলে উল্লেখ করেছে যে, সোমবার দুপুরে 'সশস্ত্র উগ্রপন্থী'রা জিরিবাম জেলার জাকুরাডোর এলাকায় একটি সিআরপিএফ চৌকিতে হামলা করে। কেন্দ্রীয় বাহিনী প্রায় ৪০ মিনিট ধরে পাল্টা হামলা চালায়। এই ঘটনায় ১০ জন "সশস্ত্র উগ্রপন্থী"র মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতদের কাছ থেকে তিনটি 'একে', ৪টি এসএলআর, দুটি ইনসাস বন্দুক এবং একটি রকেট প্রপেলেন্ট উদ্ধার করা হয়েছে।